মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর নবনিযুক্ত প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর সার্বিক উন্নয়নে কাজ শুরু করেছেন। তিনি একটি আধুনিক, পরিচ্ছন্ন ও দূষণমুক্ত নগরী গড়ে তোলার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন।
প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের শুরুতেই তিনি নগরীর বিদ্যমান সমস্যাগুলো তালিকাভুক্ত করে সেগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্যে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন এবং এই দায়িত্বকে একটি সুন্দর নগরী গড়ার পবিত্র ও গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।
এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নগরীর প্রধান সমস্যাগুলোর মধ্যে মশার উপদ্রব অন্যতম। সময়মতো মশা নিধন কার্যক্রম জোরদার না করলে নগরবাসী স্বস্তিতে থাকতে পারবে না। তাই অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি বর্ষা মৌসুমে সাময়িক জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার ও সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।
যানজট নিরসনকে তিনি একটি জটিল সমস্যা হিসেবে উল্লেখ করেন। হকার, অটোরিকশা, অবৈধ স্ট্যান্ড ও গাড়ি পার্কিং ব্যবস্থার অনিয়ম দূরীকরণে সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
এছাড়া ধুলাবালি নিয়ন্ত্রণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং উপযোগী স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের পরিকল্পনার কথাও তুলে ধরেন নবাগত প্রশাসক। তিনি দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।