একাদশ বিসিএস ফোরামের সভা ও নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার:

একাদশ বিসিএস ফোরামের সভা অনুষ্ঠিত হয় এবং ফোরামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার পর সর্বসম্মতিক্রমে নতুন কমিটি নির্বাচন করা হয়।

রবিবার (১ মার্চ) রাজধানীর বিয়াম মিলনায়তনে একাদশ বিসিএস ফোরামের সভা অনুষ্ঠিত হয়। এতে অবসরপ্রাপ্ত সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম নতুন সভাপতি এবং অবসরপ্রাপ্ত সচিব মোঃ ইহসানুল হক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ভাইস-প্রিন্সিপাল ডাঃ আবদুল হানিফ টাবলু প্রথম সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

সভায় উপস্থিত সদস্যবৃন্দ নবনির্বাচিত এই কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের অধীনে ফোরামের কার্যক্রম আরও গতিশীল হবে।

সভাপতি ড. মোঃ ফরিদুল ইসলাম বলেন, ক্ষমতায় আসা নতুন সরকারের কাছে আকাশচুম্বী প্রত্যাশা রয়েছে সর্বস্তরের নাগরিকের। দেশে সুস্থ একটি রাজনৈতিক ধারা ফিরে আসুক, যেখানে নিয়ন্ত্রণে থাকবে দ্রব্যমূল্য, দুর্নীতি ও আইন-শৃঙ্খলা ব্যবস্থা। হামলা-মামলায় জর্জরিত হবে না প্রতিপক্ষ। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারের সঙ্গে একত্রে কাজ করতে হবে।

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয় সাধন করা জরুরি। প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাবলী বাস্তবায়ন করা আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *