‘এত রোগা কেন?’—গুঞ্জনের ঝড়ের মাঝেই অবশেষে মুখ খুললেন সালমান খান

বিনোদন ডেস্ক: শারীরিক অবস্থা ও বদলে যাওয়া চেহারা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা নানা গুঞ্জনের মধ্যে অবশেষে পরোক্ষভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। ইনস্টাগ্রামে নতুন কয়েকটি ছবি প্রকাশ করে রসিকতাপূর্ণ ক্যাপশনের মাধ্যমে ভক্তদের কৌতূহলের জবাব দিয়েছেন তিনি।

ছবির ক্যাপশনে সালমান লেখেন, ‘আপনাদের শরীর কেমন আছে?’—এই সংক্ষিপ্ত মন্তব্যকেই অনেকেই তার স্বাস্থ্য নিয়ে চলমান আলোচনা ও সমালোচনার জবাব হিসেবে দেখছেন। পোস্টটি প্রকাশের পর ভক্তদের পাশাপাশি সহশিল্পীরাও মন্তব্যে ভালোবাসা প্রকাশ করেন। অভিনেত্রী মাহি ভিজ মন্তব্যে লেখেন, ‘খুব সুন্দর’।

সম্প্রতি মুম্বাইয়ের স্লাম রিহ্যাবিলিটেশন অথোরিটি (এসআরএ) আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে অংশ নেন সালমান খান। সেখানে নতুন তথ্য সংগ্রহ ও যাচাইকরণ সহায়তা কেন্দ্র উদ্বোধনের পাশাপাশি সুবিধাভোগীদের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন তিনি।

তবে অনুষ্ঠান শেষে প্রকাশিত ভিডিও ও ছবিতে সালমানকে আগের তুলনায় অনেকটা রোগা ও ক্লান্ত দেখাচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। অনেক ভক্ত তার সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, আবার কেউ বয়সের ছাপ নিয়েও মন্তব্য করেন।

এরই মধ্যে চলতি মাসের শুরুতে প্রকাশিত হয়েছে সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর ফার্স্ট লুক। পোস্টারে তাকে আগের মতোই সুঠাম দেহে দেখা যাওয়ায় তার ফিটনেস নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত এ ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং, মুকেশ ঋষি ও অঙ্কুর ভাটিয়া। সিনেমাটির মুক্তির নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *