মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা চালানো হয়েছে। এ সময় ধস্তাধস্তিতে অন্তত দুইজন এনসিপির কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুল্লাহ আল আমিন মুঠোফোনে জানান, তিনি গণভোটের পক্ষে গণসংযোগে অংশ নিচ্ছিলেন। এ সময় তার সঙ্গে ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী স্থানীয় জনগণের সঙ্গে হেঁটে হেঁটে মতবিনিময় করছিলেন। একপর্যায়ে এক তরুণকে তাদের অনুসরণ করতে দেখা যায়। সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার জামার ভেতর থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ওই তরুণের কাছে চাপাতি নিয়ে অনুসরণের কারণ জানতে চাইলে সে জানায়—“এক ব্যক্তি তাকে অস্ত্রসহ অনুসরণ করতে বলেছে।” আল আমিন বলেন, এলাকাটি মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয়রা তাকে নিরাপদে গাড়িতে তুলে দ্রুত সেখান থেকে সরে যেতে বলেন।
এই সুযোগে অস্ত্রধারী ওই তরুণ পালিয়ে যেতে সক্ষম হয়। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান আল আমিন। তিনি বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
অস্ত্রধারী ওই তরুণকে ধরতে গিয়ে ধস্তাধস্তির সময় এনসিপির অন্তত দুইজন কর্মী আহত হন। আহতরা হলেন—এনসিপির ছাত্র উইং ‘ছাত্রশক্তি’র মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব মারুফ সরকার (২১) এবং ফতুল্লা থানা কমিটির সংগঠক আবু তাহের। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানান আল আমিন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠাই। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”