ক্রীড়া ডেস্ক:
ফিফা অ-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে ‘ই’ টায়ারের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশের কিশোর ফুটবলাররা।
এইট-এ সাইডের এ প্রতিযোগিতায় প্রতি অর্ধে ২০ মিনিট করে খেলা হয়। ম্যাচের নবম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন বায়েজিদ। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে বড় জয় নিশ্চিত করে দলটি। পাভেল ২৪ ও ৩৬ মিনিটে জোড়া গোল করেন। দলের হয়ে শেষ গোলটি করেন শাবক। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আজারবাইজানে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১৮৯টি দেশ। বাছাইপর্বে ‘সি’ গ্রুপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। পঞ্চম স্থানে থাকা ৩২ দলকে নিয়ে ‘ই’ টায়ারের নকআউট পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এই পর্বে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
প্রতিযোগিতায় ছয়টি টায়ারে চ্যাম্পিয়ন নির্ধারণ করবে ফিফা।