মো. রাসেল:
সরকারি বিধিমালা ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে বান্দরবানের লামা উপজেলায় শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত থাকার অভিযোগ উঠেছে দুই এমপিওভুক্ত শিক্ষকের বিরুদ্ধে। জনবল কাঠামো ও এমপিও নীতিমালা লঙ্ঘন করে দ্বৈত পেশায় যুক্ত থাকার অভিযোগে স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত দুই শিক্ষক হলেন লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মুহাম্মদ নবীর উদ্দিন এবং লামামুখ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সাহাব উদ্দিন রিটু।
অনুসন্ধানে জানা যায়, মুহাম্মদ নবীর উদ্দিন লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকার পাশাপাশি দৈনিক খবর পত্রিকার লামা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। অন্যদিকে, মো. সাহাব উদ্দিন রিটু লামামুখ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দৈনিক বাংলাদেশ বুলেটিন ও ডেইলি সান পত্রিকার লামা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। গত ১৮ সেপ্টেম্বর গঠিত লামা প্রেসক্লাবের একটি বিতর্কিত কমিটিতে তাঁরা যথাক্রমে সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন। এ নিয়ে স্থানীয় মহলে সমালোচনা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান ও প্রশাসনিক দায়িত্ব পালনের কথা থাকলেও ওই দুই শিক্ষক সাংবাদিকতার পরিচয়ে বিভিন্ন দপ্তরে তদবির ও সংবাদ সংগ্রহে ব্যস্ত থাকেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া মুহাম্মদ নবীর উদ্দিনের বিরুদ্ধে মাদ্রাসার কাছাকাছি একটি বেসরকারি স্কুল পরিচালনা, কর্মস্থলে অনুপস্থিতি এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ক্রয়ে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। অপরদিকে, সাহাব উদ্দিন রিটুর বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত লামা পৌর যুবলীগের সহসভাপতি পদে থাকা এবং অতীতে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালনকালে নির্বাচনী অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা সংশোধিত এমপিও নীতিমালার ১১ নম্বর ধারার ১৭ নম্বর উপধারার ‘ক’ ও ‘খ’ বিধিতে এমপিওভুক্ত শিক্ষকদের সাংবাদিকতা, আইন পেশা কিংবা বেসরকারি লাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে বিধিনিষেধ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব বিধি লঙ্ঘনের ক্ষেত্রে এমপিও বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায় বলেন, “একজন শিক্ষকের পক্ষে একই সঙ্গে দুটি পেশা বজায় রাখা কোনোভাবেই যৌক্তিক নয়। আমরা অতিদ্রুত দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে ডেকে পাঠাব এবং কীভাবে তাঁরা একসঙ্গে দুটি পেশায় যুক্ত আছেন, তা জানতে চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
বান্দরবান জেলা শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী এখন আর এমপিওভুক্ত শিক্ষকদের সাংবাদিকতা করার কোনো সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ পাঠাব।”
শিক্ষকতা পেশার মর্যাদা রক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অভিযোগগুলো তদন্ত করে দুই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।