স্পোর্টস ডেস্ক:
চীনের সাবেক নেতা মাও সে তুংকে নিয়ে তৈরি একটি মিম সম্পর্কে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এ বিতর্কের প্রভাব পড়েছে তার ব্যক্তিগত স্পনসরশিপের পাশাপাশি স্প্যানিশ ফুটবল ও লা লিগার বাণিজ্যিক সম্পর্কেও।
সম্প্রতি একটি পডকাস্টে নিজের পছন্দের মিম নিয়ে কথা বলার সময় এমবাপে এমন একটি ছবি নিয়ে রসিকতা করেন, যেখানে তার মুখ মাও সে তুংয়ের ছবির ওপর বসানো হয়েছিল। মাওকে সরাসরি নাম ধরে উল্লেখ না করলেও তাকে ‘চীনা একনায়ক’ হিসেবে বর্ণনা করার বিষয়টি চীনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
বিতর্কের পর এমবাপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে চীনের তিনটি প্রতিষ্ঠান—ডংপেং বেভারেজ, মেংনিউ ও মিল্কগ্রাউন্ড। এ ছাড়া চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি লা লিগার ম্যাচ সম্প্রচার স্থগিত করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এমবাপেকে নিয়ে তৈরি বিজ্ঞাপন ও ভিডিও সরিয়ে নেওয়ার খবরও এসেছে।
পরিস্থিতি সামাল দিতে চীনা সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছে লা লিগা কর্তৃপক্ষ। সংস্থাটির সভাপতি হাভিয়ের তেবাসও ক্ষমা চেয়েছেন। চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ করছেন তিনি।
এমবাপের মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া এ বিতর্কে তার ব্যক্তিগত বাণিজ্যিক চুক্তির পাশাপাশি লা লিগার চীনা বাজারে সম্প্রচার ও বিপণন সম্পর্কও আলোচনায় এসেছে। তবে এ ঘটনার দীর্ঘমেয়াদি প্রভাব কতটা হবে, তা এখনো স্পষ্ট নয়।