মোঃআনজার শাহ
দর্শকের উল্লাস, করতালি আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে বরুড়ার তলাগ্রামের সবুজ মাঠে পর্দা নামল এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর। শ্বাসরুদ্ধকর ফাইনালে চান্দিনা উপজেলা ফুটবল দলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আদর্শ সদর উপজেলা ফুটবল দল।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরুড়ার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালকে ঘিরে পুরো আয়োজনস্থল পরিণত হয় ক্রীড়াপ্রেমীদের মিলনমেলায়। মাঠজুড়ে দর্শকের উপস্থিতি, উল্লাস ও করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে খেলার পরিবেশ। নির্ধারিত সময়ে দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে জয়-পরাজয়ের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মোঃ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মোঃ জসিম উদ্দিন এবং কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিউকুল আলম শাওন।
এ ছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনেরা।
টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি কায়সার আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনের ব্যবস্থাপনায় ছিল এ কে এম আবু তাহের ফাউন্ডেশন, সার্বিক সহযোগিতায় ইলেভেন স্টার ক্লাব, কুমিল্লা। অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকদের মতে, এ ধরনের আন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগিতা শুধু খেলাধুলার পরিসরই বাড়ায় না, তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন, শৃঙ্খলা ও ইতিবাচক প্রতিযোগিতার চর্চায়ও উদ্বুদ্ধ করে। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রেখে ক্রীড়ামুখী সমাজ গঠনেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, প্রয়াত এ কে এম আবু তাহেরের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ টুর্নামেন্ট ভবিষ্যতেও নিয়মিত অনুষ্ঠিত হবে। কুমিল্লার বিভিন্ন উপজেলার প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের পাশাপাশি বৃহত্তর ক্রীড়াঙ্গনে এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।