ওটিটিতে ফিরছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের অভিনয়ে মুগ্ধ ঋত্বিক

বিনোদন ডেস্ক:

ছয় বছর আগে নির্মিত বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে চরকিতে দেখা যাবে সিনেমাটি।

‘মায়ার জঞ্জাল’ পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী। সিনেমাটি প্রযোজনা করেছেন জসিম উদ্দিন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের গুণী অভিনেত্রী অপি করিম ও কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

২০২৩ সালে বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পায় ‘মায়ার জঞ্জাল’। তবে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই চীন, রাশিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, ভারত ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রদর্শনী হয়।

ইতালির রোমে অনুষ্ঠিত ‘এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’ বিভাগে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে জুরি অ্যাওয়ার্ড লাভ করে সিনেমাটি। যুক্তরাজ্যের লন্ডনে ‘রেইনবো চলচ্চিত্র উৎসব’-এও সেরা চলচ্চিত্রের সম্মাননা পায় এটি। পাশাপাশি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান কমপিটিশন বিভাগে সেরা চিত্রনাট্যের পুরস্কার অর্জন করে ‘মায়ার জঞ্জাল’।

সোমবার রাতে সিনেমাটি ওটিটিতে মুক্তির খবর জানায় চরকি। একই সঙ্গে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও সামাজিক মাধ্যমে সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। সেখানে তিনি ছবিতে তার স্ত্রীর চরিত্রে অভিনয় করা অপি করিমের প্রশংসা করে জানান, অপি করিম অত্যন্ত অসাধারণ অভিনয় করেছেন।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল (সোহেল রানা), অমিত সাহাসহ একঝাঁক গুণী শিল্পী। সোহেল মণ্ডলের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ঋত্বিক জানান, এই সিনেমার মাধ্যমেই তাদের প্রথম পরিচয় ও একসঙ্গে কাজ করা।

মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়ার জঞ্জাল’। অপি করিম ও ঋত্বিক চক্রবর্তী ছাড়াও এতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, ওপার বাংলার গুণী অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়সহ অনেকে।

বাংলাদেশের ভিউস অ্যান্ড ভিশনস এবং কলকাতার প্রতিষ্ঠান ফ্লিপবুক যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *