কওমি মাদ্রাসা সনদও স্বীকৃতি পেল, সহকারী মৌলভী (ক্বারী) ও ইবতেদায়ি ক্বারী পদে নিয়োগের যোগ্যতা পুনঃনির্ধারণ

 

মোঃআনজার শাহ

বেসরকারি মাদ্রাসায় সহকারী মৌলভী (ক্বারী) এবং ইবতেদায়ি ক্বারী পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা পুনঃনির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ জুন ২০২৬ তারিখে জারি করা এক পরিপত্রে এই সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রণালয়ের এমপিও শাখা থেকে জারি করা এই পরিপত্রে বলা হয়েছে, “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬”-এর পরিশিষ্ট-ঘ এর ক্রমিক নম্বর ২৩ এবং ৪২-এ বর্ণিত পদসমূহে নিয়োগের কাম্য শিক্ষাগত যোগ্যতা সংশোধন করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সহকারী মৌলভী (ক্বারী) পদে নিয়োগের জন্য প্রার্থীকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল (মুজাব্বিদ) বা আলিম (মুজাব্বিদ মাহির) পাস হতে হবে, পাশাপাশি সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল বা ফাজিল (অনার্স) ডিগ্রি থাকতে হবে। বিকল্প যোগ্যতা হিসেবে সরকার স্বীকৃত কোনো শিক্ষা বোর্ড থেকে ইলমে কিরাআত, দারসে কেরাআহ, ক্বারী অথবা হাফিজে কুরআন সনদ এবং সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল বা ফাজিল (অনার্স) ডিগ্রিও গ্রহণযোগ্য হবে। এই পদে চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে, যদিও সমপদের ইনডেক্সধারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য থাকবে। বেতন স্কেল হিসেবে আলিম (মুজাব্বিদ) সনদসহ ফাজিল ডিগ্রিধারীদের জন্য গ্রেড-১১ (১২৫০০-৩০২৩০ টাকা) এবং আলিম মুজাব্বিদসহ ফাজিল সনদধারীদের জন্য গ্রেড-১০ (১৬০০০-৩৮৬৪০ টাকা) নির্ধারণ করা হয়েছে।

পরিপত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, ইবতেদায়ি ক্বারী পদের ক্ষেত্রে এবার কওমি মাদ্রাসার সনদকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। এই পদে নিয়োগের জন্য ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ স্বীকৃত দাওরায়ে হাদিস (তাকমীল) ডিগ্রিসহ দেশের ছয়টি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোনো একটি থেকে ইলমে কিরাআত বা হিফজুল কোরআন সনদ থাকতে হবে। এই পদের বেতন গ্রেড নির্ধারণ করা হয়েছে গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, প্রার্থীর সমগ্র শিক্ষাজীবনে যে কোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে।
পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে, এই সংশোধিত নির্দেশনা জারির তারিখ থেকেই অবিলম্বে কার্যকর হবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ দাউদ মিয়া এনডিসি স্বাক্ষরিত এই পরিপত্র মন্ত্রিপরিষদ সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবগণ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর বিতরণ করা হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, কওমি মাদ্রাসা সনদের এই স্বীকৃতি আলিয়া ও কওমি ধারার মধ্যে সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা যোগ্য প্রার্থী বাছাইয়ে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *