স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে আঁচার উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বিপুল পরিমাণ প্রস্তুত পণ্য ও কাঁচামাল জব্দ করা হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা এনএসআই (NSI)-এর তথ্যের আলোকে দুপুর ১২টা থেকে প্রায় ১টা ৪৫ মিনিট পর্যন্ত অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘ইয়াম্মি ফুড প্রোডাক্ট’ নামের একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে আঁচার উৎপাদন, মজুদ ও বাজারজাত করা হচ্ছিল। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়।
অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় কারখানার প্রায় ২৪৯ কার্টুন প্রস্তুত আঁচার জব্দ করা হয়। পাশাপাশি আঁচার তৈরির বিভিন্ন মেশিনারি ও সরঞ্জামও জব্দ করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর কাঁচামাল ও খাদ্য উৎপাদনে ব্যবহৃত উপকরণ ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন আরও জানায়, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় কারখানাটির সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “জনস্বার্থে ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে আমাদের নজরদারি অব্যাহত থাকবে। ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে যারা অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।