কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোহাম্মদ হোসেন সুমন:

পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।

শনিবার (১৩ জুন ২০২৬) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সরকারের ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় বাস্তবায়িত এই প্রকল্পকে স্থানীয় পরিবেশ ও কৃষি ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী খালের পাড়ে একটি স্মারক বৃক্ষরোপণ করেন। পরে সেখানে আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা দূরীকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু-সহনশীল অবকাঠামো গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে নদী, খাল ও জলাশয় পুনরুদ্ধারের উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, খাল পুনঃখননের মাধ্যমে একদিকে যেমন পানিপ্রবাহ স্বাভাবিক হবে, অন্যদিকে স্থানীয় জনগণের জীবন-জীবিকা, কৃষি ও মৎস্যসম্পদ উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে ভরাট ও নাব্যতা-সংকটে থাকা পাতলী খাল পুনঃখনন সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *