রায়হান আলী:
বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে ২০২৬-২০২৭ অর্থবছরের যুগান্তকারী গণমুখী প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ার মোকামতলা উপজেলায় এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন ২০২৬) সন্ধ্যা ৭টায় মোকামতলা বন্দর এলাকায় এ কর্মসূচির আয়োজন করে মোকামতলা উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মীর শাহে আলম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে ঘোষিত এই বাজেট সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে। এটি একটি যুগান্তকারী ও গণমুখী বাজেট, যা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নেতৃবৃন্দ আরও বলেন, এই বাজেটকে সফল করতে এবং দেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে মোকামতলা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। গণমিছিলটি মোকামতলা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে এসে শেষ হয়।