কটিয়াদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হবিগঞ্জের বাসিন্দা রাবেয়া (৫০), মিলন মিয়া (৩৫) ও জারা মনি (৫)। তাঁদের মধ্যে মিলন মিয়া ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হবিগঞ্জের কয়েকজন ব্যক্তি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক রোগীকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে কটিয়াদীর আচমিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় মিলন মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাবেয়া ও জারা মনিকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা যান। গুরুতর আহতদের হাসপাতালে আনার পর আরও দুজনের মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *