নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কদমতলী থানাধীন রসুলবাগ ও মেরাজনগর এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসএমআরবি)-১০।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসএমআরবি-১০, সিপিসি-১ ও যাত্রাবাড়ী ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল কদমতলীর রসুলবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৯৯১, মক্কা টাওয়ার, ২৪ ফুট জিয়া সরণি রোডের একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ইকবাল হোসেন (৩০) নামে একজনকে আটক করা হয়। অভিযানে তাঁর কাছ থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
জানা গেছে, ইকবাল হোসেন ওই ভবনের একটি ফ্ল্যাটে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন।
একই রাতে আনুমানিক ৪টা ২০ মিনিটে কদমতলীর মেরাজনগর এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে আরও ৬ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ মো. আব্দুল বাতেন মিয়া (৪৫) ও মো. মুসা (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজধানীর কদমতলীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।
উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, কদমতলীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।