মোঃ ফেরদৌস হোসেন:
প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ও জনগণের জন্য নির্ভরযোগ্য, সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে খোকন মেমোরিয়াল হসপিটাল কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার আলোক দিয়াড় গ্রামে অবস্থিত খোকন মেমোরিয়াল হসপিটালের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় খোকন মেমোরিয়াল হসপিটালের নির্বাহী পরিচালক সরওয়াত আহমেদ বলেন, প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে এলাকার মানুষের সামাজিক পরিবর্তন নিশ্চিত করা। খাদ্য ও বস্ত্র সহায়তা, আর্থিক সহযোগিতা, অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধিতে কেসিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবায় প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।
তিনি আরও বলেন, ২০০৭ সালে খোকন চ্যারিটেবল ফাউন্ডেশন একটি দাতব্য প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০১৮ সালে এই প্রতিষ্ঠানটি অলাভজনক, সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সচেতনতা ও প্রচারের মাধ্যমে সুস্থ জীবনধারার প্রসার ঘটায়।
এলাকার আর্থ-সামাজিক অবস্থার উপর ভিত্তি করে খোকন মেমোরিয়াল হসপিটাল রোগীদের ১০% থেকে ৫০% পর্যন্ত সাবসিডি দিয়ে থাকে। ২৪ ঘণ্টা জরুরি সেবা বিভাগ, অ্যাম্বুলেন্স সার্ভিস এবং বহির্বিভাগ ও অন্তর্বিভাগে মেডিক্যাল ও সার্জিক্যাল চিকিৎসা সেবা প্রদান করে আসছে।
এছাড়াও আধুনিক প্যাথলজি, ডিজিটাল এক্স-রে, ৪ডি আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, ইকো ও কালার ডপলার, অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ অপারেশন থিয়েটারে নিয়মিত নরমাল ডেলিভারি ও সিজারিয়ান সেকশন, ল্যাপারোস্কোপিক সার্জারি (পিত্তথলি, পিত্তনালীর পাথর, হার্নিয়া ইত্যাদি), নিউরো সার্জারি, অর্থোপেডিক সার্জারি, কিডনি, মূত্রনালী, মূত্রথলি ও প্রোস্টেট অপারেশন, নাক, কান ও গলার জটিল অপারেশন (মাইক্রোস্কোপিক পদ্ধতিতে), আধুনিক মেশিনে ডায়ালাইসিস সেবা—জনগণের জন্য নির্ভরযোগ্য ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সরওয়াত আহমেদ আরও বলেন, এই মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে হাসপাতালের কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, হসপিটালের উপদেষ্টা মীর মো: ইমাম হোসেন জাহাঙ্গীর, ম্যানেজার রোমানসহ সিরাজগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
মতবিনিময় শেষে সাংবাদিকবৃন্দ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।