নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার কালিনগর বাজারে গভীর রাতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, পরিকল্পিতভাবে তাঁর প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এ অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক দীপু ভুঁইয়া জানান, মঙ্গলবার (২ জুন) গভীর রাতে দুর্বৃত্তরা তাঁর দোকানে আগুন দেয়। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে দোকানের আংশিক ক্ষতি হলেও সম্পূর্ণ পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়।
তিনি অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে কেউ বা কারা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের প্রতি দাবি জানান।
এদিকে, বাজারে আগুন দেওয়ার এ ঘটনায় কালিনগর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন, দোষীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।