মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পূর্ব হাজীপুর এলাকায় টিউবওয়েল বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল দপ্তরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) সকালে হাজীপুর কবরস্থান রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহমদ আলী (৪০) হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ছিলেন। তিনি পূর্ব হাজীপুর এলাকার মৃত আমানুল্লাহ মেম্বারের ছেলে। আহতরা হলেন জুয়েল (২৮) ও জামান (৪৭)। তাদের মধ্যে জুয়েলকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে এবং জামানকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে পূর্ব হাজীপুর কবরস্থান রোডের বাসিন্দা মোহাম্মদ রাজুর বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ চলছিল। এ সময় টিউবওয়েলের দীর্ঘ লোহার পাইপ ওপরে তোলার সময় অসাবধানতাবশত মাথার ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে।
মুহূর্তের মধ্যেই পাইপে বিদ্যুৎ প্রবাহিত হলে আহমদ আলীসহ তিনজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টা ২০ মিনিটের দিকে আহমদ আলীকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনের চিকিৎসা অব্যাহত রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, জীবিকার পাশাপাশি বিদ্যালয়ের দায়িত্ব পালন করা আহমদ আলী এলাকায় একজন পরিচিত ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, “ওই দপ্তরী স্কুলের দায়িত্ব পালনের পাশাপাশি টিউবওয়েল বসানোর কাজও করতেন। কাজের সময় লোহার পাইপ ওপরে তোলার সময় সেটি বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।”