চকরিয়ায় সওজের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আরাফাত হোছাইন:

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে যুবদল নেতা আজিজুল ইসলাম সোহেল ও মো. কাজলের বিরুদ্ধে। প্রশাসনিক তদন্তেও সওজের জমিতে দোকানঘর নির্মাণের সত্যতা পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সওজ সূত্রে জানা যায়, চকরিয়া সড়ক উপবিভাগের আওতাধীন ঢাকা (যাত্রাবাড়ী)-কুমিল্লা (ময়নামতি)-চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ জাতীয় মহাসড়কের (এন-১) ৩৩৪ কিলোমিটার এলাকায়, চেইনেজ ৩৩৩+৩৭৪-এর সড়কের ডান পাশে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৌলভীরকুম এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, সরকারি জমিতে চলাচলের রাস্তা দখল করে সেখানে স্থাপনা নির্মাণের কাজ চালানো হচ্ছে।

এ ঘটনায় গত সেপ্টেম্বরে চকরিয়া সড়ক উপবিভাগের প্রকৌশলী মো. আবদুল কাদের জিলানী সওজের অধিগ্রহণ করা জমিতে অবৈধ স্থাপনা ও দোকানঘর নির্মাণের কাজ বন্ধ এবং নির্মিত স্থাপনা অপসারণের নির্দেশ দিয়ে নোটিশ দেন।

প্রকৌশলী মো. আবদুল কাদের জিলানীর দাখিল করা তদন্ত প্রতিবেদনে সওজের সরকারি জমিতে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে দখলের বিষয়টি উঠে এসেছে বলে জানা গেছে। প্রতিবেদনে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত শামশুল আলমের ছেলে আজিজুল ইসলাম সোহেল ও মো. কাজলের নাম উল্লেখ রয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, সোহেল চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। দলের পরিচয় ব্যবহার করে তিনি সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সোহেলের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

চকরিয়া সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন, ওই স্থানে সোহেল নামের এক ব্যক্তির স্থাপনা নির্মাণের সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্টদের তিন দিনের মধ্যে স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজার দীর্ঘ ছুটিতে কর্মকর্তারা ছুটিতে থাকার সুযোগে সংশ্লিষ্ট ব্যক্তিরা আবারও স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে থাকতে পারেন। অফিস চালু হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সওজ সূত্রে বলা হয়েছে, মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী মহাসড়কের জমিতে এ ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *