কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি সহযোগী পলাতক

খসরু মৃধা:

গাজীপুরের কালীগঞ্জে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ শামীম আহমেদ সামিউল (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সোহেল (৩৫) নামে তাঁর এক সহযোগী পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বণিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উলুখোলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. ফায়জুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানার নেতৃত্বে পুলিশের একটি দল পানজোড়া বণিকপাড়া এলাকার নবীন ছাত্রাবাসের সামনের পাকা সড়কে অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহযোগিতায় শামীম আহমেদ সামিউলকে আটক করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬৬০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামত জব্দতালিকার মাধ্যমে থানায় নেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই মো. ফায়জুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকের চালান হাতবদলের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় শামীমকে আটক করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। তাঁর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় সোহেল নামে আরও এক ব্যক্তি জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযানের সময় তিনি পালিয়ে যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার শামীম ও পলাতক সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ২৫ এবং জিআর নম্বর ৩০৪। পলাতক সোহেলকে গ্রেপ্তারে অভিযান চলছে।

রোববার (২৫ অক্টোবর) গ্রেপ্তার শামীম আহমেদ সামিউলকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *