কুড়িগ্রামে পানিতে ডুবে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

জেলা প্রতিনিধি ::

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ আলী (৬৪)-এর মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রমনা মডেল ইউনিয়নের নদীবন্দর-সংলগ্ন রমনা খামার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী সরকারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রমনা খামার এলাকার বাঁধ দিয়ে হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত তিনি নিচে পানিতে পড়ে যান। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *