কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) জেলার ১৮টি থানা এলাকায় পুলিশের একাধিক দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশনায় কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন বখাটে ও কিশোর গ্যাংপ্রবণ এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে অভিযানে নেতৃত্ব দেন।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, আটক ব্যক্তিদের অপরাধে জড়িত থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই চলছে। অপরাধের সঙ্গে সম্পৃক্ততা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাং নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত বুধবার রাতে কুমিল্লাজুড়ে একই ধরনের অভিযানে ৬২৪ জনকে আটক করেছিল পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ ও যাচাই শেষে ৪৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। আর ১৭৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেপ্তার চারজনের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর জেলা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরপর থেকেই গ্যাং কালচার রোধে পুলিশ তৎপরতা বাড়ায়।