*
*আবু ইউছুফ রাবেত
উপজেলা প্রতিনিধি বরুড়া
কুমিল্লার লালমাই উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে বাহার (৩০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী ঝুমু আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
শনিবার (২৭ জুন) সকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পূর্বপাড়া এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
নিহত বাহার ওই এলাকার রশিদ মিয়ার ছেলে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, তিনি প্রায় পাঁচ বছর আগে প্রবাস থেকে দেশে ফিরে আসেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার সকালে প্রতিবেশী প্রবাসী রাসেলের স্ত্রী ঝুমু আক্তার মোবাইল ফোনে বাহারকে তার ঘরে ডেকে নেন। কিছুক্ষণ পর প্রতিবেশীরা ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় বাহারের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
অভিযোগ রয়েছে, ধারালো অস্ত্র দিয়ে অত্যন্ত নৃশংসভাবে তার গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার সন্দেহে প্রবাসীর স্ত্রী ঝুমু আক্তারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঝুমু আক্তার নামে এক নারীকে আটক করা হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী দাবি করেছেন, আত্মরক্ষার্থে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। উদ্ধারকৃত আলামত ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে।”
পুলিশ জানায়, হত্যার পেছনে ব্যক্তিগত বিরোধ, পরকীয়া, পারিবারিক গোপন সম্পর্ক কিংবা অন্য কোনো মোটিভ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে রক্তমাখা কাপড় ও ধারালো অস্ত্রসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।