অসুস্থ হয়ে এশিয়ান গেমসের মাঝপথেই দেশে ফিরছেন শান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক:

এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট দল শক্তিশালী স্কোয়াড নিয়ে জাপানে গেলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হচ্ছে না নাজমুল হোসেন শান্তর। অসুস্থতার কারণে আগামীকাল জাপান থেকে দেশে ফিরছেন জাতীয় দলের এই টপ অর্ডার ব্যাটার।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও এশিয়ান গেমসে বাংলাদেশের কন্টিনজেন্টের শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ (অব.) জানান, শান্তর বেশ জ্বর হয়েছে। তাকে নাগোয়ার একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। বর্তমানে তার বিশ্রাম প্রয়োজন এবং খেলার মতো শারীরিক অবস্থায় নেই। এ কারণে তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাসপাতাল থেকে টিম হোটেলে ফিরেছেন শান্ত। তবে তার শারীরিক অবস্থা এখনো পুরোপুরি ভালো নয়। কয়েকবার বমিও করেছেন তিনি। অসুস্থ অবস্থায় একা দেশে ফেরার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, শান্ত এতটা গুরুতর অসুস্থ নন যে একা দেশে ফিরতে পারবেন না। তবে তার পরিবর্তে নতুন কোনো খেলোয়াড়কে স্কোয়াডে নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

শান্তর বিকল্প হিসেবে নতুন ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ। তিনি বলেন, দীর্ঘ তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্য থেকে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একজনকে জাপানে পাঠাতে পারে।

এদিকে, এশিয়ান গেমসে আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। সূচি অনুযায়ী, ১ অক্টোবর সেমিফাইনাল এবং ৩ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *