কেন্দুয়ায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ব্যাপক প্রস্তুতি, মাঠে সক্রিয় বিএনপি নেতা সাইফুল ইসলাম

মোশাররফ হোসেন জসিম পাঠান:

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৮ নম্বর বলাইশিমুল ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি শুরু করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। ইতোমধ্যে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সূত্রে জানা গেছে, বলাইশিমুল ইউনিয়নের সরিষাগোটা গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মো. সাইফুল ইসলাম ছাত্রজীবন থেকেই বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি বিএনপির দুঃসময়ে তিনি সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একপর্যায়ে তিনি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

দলীয় কর্মকাণ্ডে সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা ও নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের কারণে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তার ওপর আস্থা রাখেন। পরবর্তীতে তাকে বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি বিভিন্ন সময় নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন বলেও দলীয় নেতাকর্মীদের দাবি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাইফুল ইসলাম একজন সমাজসেবক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার কারণে তিনি স্থানীয়ভাবে পরিচিতি লাভ করেছেন। ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার সমর্থক ও দলীয় নেতাকর্মীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন।

নির্বাচন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে মো. সাইফুল ইসলাম বলেন, “আল্লাহ যদি সহায় থাকেন এবং জনগণ যদি আমার পাশে থাকেন, তাহলে ইনশাআল্লাহ জনগণকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইউনিয়নের উন্নয়নমূলক কাজ করব। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও মাননীয় এমপি মহোদয়ের পরামর্শক্রমে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

স্থানীয় নেতাকর্মীদের মতে, আগামী স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে বলাইশিমুল ইউনিয়নে ইতোমধ্যে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। সাইফুল ইসলামের সক্রিয়তা ও গণসংযোগও সেই তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী পরিস্থিতির ওপরই তার প্রার্থিতার বিষয়টি নির্ভর করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *