ক্ষমতায় থাকতে হলে গণভোট দিতে হবে: মোস্তাফিজুর রহমান ইরান

নিজস্ব প্রতিবেদক:

গণদাবি বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে মিরসরাইয়ে পথসভা শুরু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) আয়োজিত পথসভায় উদ্বোধনী বক্তব্যে বিএনপির বিরুদ্ধে হত্যা, বাড়ি-জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন ১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘বাংলাদেশে আমাদের দাবি পরিষ্কার। গণভোটের লাইন নিতে হবে, দিতে হবে। না দিতে পারলে ক্ষমতা ছাড়তে হবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সারা বাংলাদেশে বিএনপি জালিমের মতো হয়েছে। তারা মানুষ হত্যা করেছে, বাড়ি দখল করছে, জমি দখল করছে। মানুষকে জিম্মি করে কিস্তিতে চাঁদা তোলা শুরু করেছে।’

২০২৪ সালের প্রসঙ্গ টেনে লেবার পার্টির চেয়ারম্যান বলেন, দেশের মানুষ বুঝে গেছে মানুষের ভোটে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকবেন না। মানুষের ভয় ভেঙে গেছে। এখন সরকার বলছে, সরকারের পতন হবে কি না। অথচ তারাই এখন পতনের আন্দোলন শুরু করেছে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের এত ভয় কেন? আপনাদের পতনের আন্দোলন কেন হবে? আপনারা নিজেরাই জানেন, আপনারা কী অপরাধ করেছেন।’

তিনি আরও বলেন, দেশের মানুষ গণভোট ও মার্কার ভোটের মাধ্যমে তাদের মতামত দিয়েছে। একই সঙ্গে বিভিন্ন সময়ে সংঘটিত রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘আমরা সব হত্যাকাণ্ডের বিচার চাই।’

পথসভায় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত ও ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। এতে ১১ দলীয় জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *