আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটির তথ্য সরবরাহের অভিযোগে হোসেইন পেদারান নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে তার মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য জানিয়েছে।
ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইসফাহান প্রদেশের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোর বিষয়ে সংবেদনশীল তথ্য মোসাদের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগ ছিল পেদারানের বিরুদ্ধে। তবে তাকে কবে গ্রেপ্তার করা হয় এবং বিচারপ্রক্রিয়া কখন সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়, পেদারানের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং গোয়েন্দা তথ্য হস্তান্তরের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের সুপ্রিম কোর্টও তার সাজা বহাল রেখেছিলেন।
এর আগে গণমাধ্যমে পেদারানের মামলা নিয়ে তেমন কোনো তথ্য প্রকাশিত হয়নি।
ইরানে সাম্প্রতিক সময়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বেড়েছে। দেশটিতে চলমান সংঘাত এবং এর আগে দেশব্যাপী বিক্ষোভের পর কর্তৃপক্ষ নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।
চলমান সংঘাতের মধ্যে ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র ঘাঁটিতেও হামলার ঘটনা ঘটেছে। ইসফাহান প্রদেশ দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর পাশাপাশি সামরিক অবকাঠামোর গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে পরিচিত।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং দেশটির সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে অভিযান চালানোর কথা জানিয়েছে।
এর আগে গত আগস্টে সংবেদনশীল সামরিক ও নিরাপত্তা স্থাপনার সুনির্দিষ্ট অবস্থান ইসরায়েলের কাছে পাঠানোর অভিযোগে আরও দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানিয়েছিল ইরানের বিচার বিভাগ।
আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যার দিক থেকে চীনের পর ইরান বিশ্বের অন্যতম শীর্ষ দেশ।