খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সাভারে দোয়া মাহফিল, ফ্যামিলি কার্ড প্রদর্শন

আলমাস হোসাইন:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সাভারে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিএনপির ভবিষ্যৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’-এর একটি নমুনা প্রদর্শন করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সাভারের ভাকুর্তা বটতলা বাজার এলাকায় সেবামূলক প্রতিষ্ঠান ‘জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় তিন হাজার মানুষের উপস্থিতি ছিল।

অনুষ্ঠানে বিএনপির ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ‘ফ্যামিলি কার্ড’-এর নমুনা প্রদর্শন করেন। ধর্মীয় পরিবেশে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডাকসু ভিপি ও বিএনপির সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, দেশ ও জনগণের কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নারীদের অগ্রাধিকার দিয়ে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা মূল্যের চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান জিয়া পরিবারের ত্যাগ ও গণতন্ত্র রক্ষায় তাদের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের পাশে থাকা এবং মানুষের অধিকার আদায়ে কাজ করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *