খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, অজ্ঞাত ব্যক্তির ফোন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মো. হাবিবুল্লাহ নাঈম (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর পরিবারের কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে নাঈমকে তাদের হেফাজতে রাখার দাবি করা হয়েছে। ফোনে শিশুটির কান্নার শব্দ শোনার পাশাপাশি তাকে শারীরিক নির্যাতন করে বাথরুমে আটকে রাখার কথাও জানানো হয়।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে খিলক্ষেতের ১৭ নম্বর ওয়ার্ডের কুড়িটোলা স্কুল রোড এলাকার ভাড়া বাসা থেকে রাগ করে বের হওয়ার পর থেকে নাঈমের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার মা মোছা. শরীফা খাতুন খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নাঈমের বাবা মো. বাবুল ইসলাম এবং মা মোছা. শরীফা খাতুন। তাদের গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার হাজনা নাটোর গ্রামে। বর্তমানে তারা খিলক্ষেতের কুড়িটোলা স্কুল রোড এলাকায় বসবাস করছেন।

নাঈমের চাচা গোলাম হুসাইন জানান, গত বৃহস্পতিবার বিকেলে ছয় বছর বয়সী ছোট ভাই আদিলের সঙ্গে নাঈমের ঝগড়া হয়। এ ঘটনায় তার মা তাকে বকাঝকা করলে নাঈম রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়।

এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। এ সময় নাঈমের কাছে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

পরিবারের পক্ষ থেকে খিলক্ষেত থানায় জিডি করার পাশাপাশি শিশুটিকে উদ্ধারের জন্য স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও ডিবি পুলিশের কাছে আবেদন করা হয়েছে।

এসআরবির কাছে করা আবেদনের সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে নাঈমের পরিবারের কাছে ফোন আসে। ফোনে বলা হয়, নাঈম তাদের হেফাজতে রয়েছে।

এ সময় ফোনের অপর প্রান্ত থেকে শিশুটির কান্নার শব্দ শোনা যায়। অজ্ঞাত ব্যক্তি ফোনে দাবি করেন, নাঈমকে শারীরিক নির্যাতন করে একটি বাথরুমে আটকে রাখা হয়েছে।

পরে ‘হাজী বাড়ি ক্যাম্প এলাকায়’ এমন কথা বলে ওই ব্যক্তি ফোনটি কেটে দেন। এরপর থেকে ওই নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আল হোসাইন বলেন, থানায় জিডি হয়েছে। শিশুটিকে খুঁজে বের করার জন্য পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *