খুলনায় সাবেক মেয়ের জামাইয়ের গুলিতে বিএনপি নেতা আহত

খুলনা ব্যুরো:

খুলনায় পারিবারিক বিরোধের জেরে সাবেক মেয়ের জামাইয়ের গুলিতে ইকবাল শেখ (৪৬) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন ইসলামপাড়া প্রথম গলিতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইকবাল শেখকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ভর্তি করেন। তার বাম পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। ইকবাল শেখ খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল শেখের মেয়ে সুমাইয়ার সঙ্গে আবিরের প্রায় চার মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার সকালে ইকবাল শেখের সঙ্গে আবিরের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে আবির ইকবাল শেখকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে স্থানীয়রা জানান। এতে তার বাম পায়ে গুলি লাগে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে আবির সেখান থেকে চলে যান বলে স্থানীয় সূত্রের দাবি।

পরে স্থানীয়রা আহত ইকবাল শেখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *