গবাদিপশুর জাত উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে গাজীপুর গার্ডিয়ানে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাজী মামুন:

বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে ব্র্যাক দেশব্যাপী কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৯ এপ্রিল) গাজীপুর গার্ডিয়ানে ব্র্যাক কর্তৃক ‘এআইএসপি-দের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়।

বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে ব্র্যাকের প্রায় ৪,৫০০ জন কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী মাঠ পর্যায়ে কর্মরত রয়েছেন। এই বিশাল সেবা নেটওয়ার্ককে আরও আধুনিক ও ফলপ্রসূ করে তুলতে দেশের ২৫টি কৌশলগত স্থানে পর্যায়ক্রমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে এআইএসপি-দের আধুনিক কৃত্রিম প্রজনন কৌশল, প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং উন্নত পশুপালন পদ্ধতি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আয়োজকরা আশা করছেন, এর ফলে সফল প্রজননের হার বৃদ্ধির পাশাপাশি মাঠ পর্যায়ে সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

গাজীপুর গার্ডিয়ানে ব্র্যাকের আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে এআইএসপি-রা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নার্গিস খানম, মো: বাদশা মিয়া আকন্দ এবং রিজিওনাল সেলস ম্যানেজার।

ব্র্যাকের গাজীপুর জেলা সমন্বয়ক মোঃ আবু জাফরের সভাপতিত্বে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মাধ্যমে গবাদিপশুর উন্নত জাত বিস্তার ও দুধ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে একটি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *