গাছ লাগিয়ে সবুজ বাংলাদেশ গড়ার বার্তা দিল কোস্ট গার্ড

মো. আব্দুল গফুর সিকদার:

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের (ডিজি) নির্দেশনায় মনপুরা কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে উপজেলার সোনার চর এলাকায় রাস্তা ও সাইক্লোন সেন্টারের সামনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি—এই তিন শ্রেণির বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় কোস্ট গার্ডের সদস্যরা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন এবং সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই বার্তা ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে সবুজায়ন কর্মসূচিতে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

স্থানীয় বাসিন্দারা কোস্ট গার্ডের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের কর্মসূচি পরিচালিত হলে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।

পরিবেশবিদদের মতে, ব্যাপকভাবে বৃক্ষরোপণ বায়ুদূষণ কমানো, জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটির ক্ষয়রোধ এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ, উপকূলীয় অঞ্চলে সবুজায়ন বৃদ্ধি এবং একটি টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *