খসরু মৃধা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ (কালীগঞ্জ–পূবাইল–বাড়িয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের মীরের বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে এ প্রচারণার সূচনা করেন তিনি।
গণসংযোগকালে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৫ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন মীরের বাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও সাধারণ পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা করেন।
প্রচারণাকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে পুরো মীরের বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীদের উচ্ছ্বাস ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে প্রচারণাকে কেন্দ্র করে পূবাইলের বিভিন্ন মহল্লা থেকে ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মীরের বাজারে জড়ো হন। পরে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে।
প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ধানের শীষের পক্ষে জনমত গঠন এবং দলের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে তারা মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে এই গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখবেন।
গণসংযোগকালে স্থানীয় বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দল, মহিলা দল ও ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।