মানিকগঞ্জ প্রতিনিধি:
দেশে সার, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় বিভিন্ন দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এস এ জিন্নাহ কবীর বলেন, সার, গ্যাস ও বিদ্যুৎকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দল জনগণের মধ্যে নানা ধরনের প্রচারণা চালাচ্ছে। তার দাবি, এসব প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী একটি দল ও বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারীরা এসব অপপ্রচারের মাধ্যমে দেশকে অশান্ত করার অপকৌশলে লিপ্ত হয়েছে বলে তিনি মনে করেন।
এ সময় তিনি বলেন, এ ধরনের প্রচারণার সঙ্গে দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহলের যোগসাজশ রয়েছে। জনগণকে বিভ্রান্তিকর প্রচারণার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
লিফলেট বিতরণের সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।