গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা নিয়ে ওজোপাডিকোর সতর্কবার্তা

অনলাইন ডেস্ক:

গোপালগঞ্জে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র, রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহৃত যানবাহন ও কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। এসব স্থাপনা বা কর্মীদের ওপর হামলা হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে ওজোপাডিকো গোপালগঞ্জের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে দলমত নির্বিশেষে গোপালগঞ্জের সব শ্রেণির গ্রাহকের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে যেন হামলার লক্ষ্যবস্তু করা না হয়। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।

এ বিষয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে চলমান অস্থিরতা ও সহিংসতার কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও যানবাহনে হামলার আশঙ্কা রয়েছে। তাঁরা ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের সেবা দিয়ে থাকেন। এসব স্থাপনা বা যানবাহনে হামলা হলে স্বাভাবিক সেবা কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হবে। এ কারণেই সম্ভাব্য হামলার পরিণতি সম্পর্কে গ্রাহকদের সতর্ক করা হয়েছে।

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট স্থাপনা, যানবাহন ও দায়িত্ব পালনকারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ওজোপাডিকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *