চকরিয়ায় মাদকের বিরুদ্ধে দাঁড়ানোয় সাংবাদিকসহ ৩ জনের ওপর হামলা

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাংবাদিকসহ তিনজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায়। এতে সাজ্জাদ নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর দুজন হলেন সংবাদকর্মী আব্দুল্লাহ আল মামুন ও মো. আশেক। তাঁরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের ভাষ্য, হারবাং এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এর বিরুদ্ধে স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রতিবাদ ও মাদকবিরোধী কার্যক্রমে অংশ নেন সাজ্জাদসহ কয়েকজন। সম্প্রতি মাদকবিরোধী তৎপরতার সঙ্গে যুক্ত থাকার কারণে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ২টার দিকে হারবাং স্টেশনসংলগ্ন মহাসড়কে সাজ্জাদের ওপর হামলা চালানো হয়। তাঁকে রক্ষা করতে সংবাদকর্মী আব্দুল্লাহ আল মামুন ও মো. আশেক এগিয়ে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকেরা জানান, সাজ্জাদের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলার কারণে তাঁদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মো. বেলাল, কফিল উদ্দিন ও শফিউল আলমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল হামলা চালিয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভুক্তভোগীরা জানান, ঘটনার বিষয়ে চকরিয়া থানায় এজাহার দেওয়া হয়েছে। তাঁরা হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘মাদকের বিরুদ্ধে কথা বলায় হামলার শিকার হয়েছেন—এমন একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘মাদক সমাজ ও মানুষকে ধ্বংস করে। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের ওপর হামলার অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *