চকরিয়ার অভিজাত হোটেল থেকে ২৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কামরুল ইসলাম:

কক্সবাজারের চকরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আবাসিক হোটেল থেকে ২৮০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা বাণিজ্যিক কেন্দ্রের সিটি সেন্টারে অবস্থিত আবাসিক হোটেল সিটি পার্কে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মুহাম্মদ আরিফ (২৮)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মইন্যার ঝুমের (আবদুর রহমানের বাড়ি) পশ্চিম সিকদারপাড়া এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গার সিটি সেন্টারের চতুর্থ তলায় অবস্থিত আবাসিক হোটেল সিটি পার্কের ৪২৫ নম্বর কক্ষে অভিযান চালানো হয়।

এ সময় কক্ষের ভেতরে অবস্থান করা আরিফের কাছে থাকা একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে ব্যাগটি খুলে তল্লাশি করা হয়। ব্যাগের ভেতরে বিশেষ কায়দায় লুকানো রেক্সিনের ওপর স্কচটেপ দিয়ে মোড়ানো ১৪টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেট পাওয়া যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, প্যাকেটগুলোতে প্রতিটিতে ২০০ পিস করে মোট ২৮০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ছিল। এ ছাড়া গ্রেপ্তার আরিফের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *