চট্টগ্রাম প্রতিবেদক:
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চট্টগ্রামের চার উপজেলার ৫৩টি ইউনিয়নে ভোটগ্রহণের প্রাথমিক পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে প্রথম ধাপের নির্বাচন আয়োজনের পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরাই, সন্দ্বীপ, হাটহাজারী ও সীতাকুণ্ড উপজেলাকে প্রাথমিকভাবে বিবেচনায় রাখা হয়েছে।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপের নির্বাচনে উত্তর চট্টগ্রামের এই চার উপজেলার ইউনিয়নগুলোকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত তফসিল ঘোষণার সময় এ তালিকায় পরিবর্তন আসতে পারে। দ্বিতীয় ধাপে উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম মিলিয়ে শতাধিক ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।
চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। নির্বাচন কমিশন যখন যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী নির্বাচন আয়োজন করা হবে। ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও ভোটকক্ষ প্রস্তুত রয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচনী কার্যক্রম শুরু হবে।
চার উপজেলায় ৫৩ ইউনিয়নে ভোটের প্রস্তুতি
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ১৫ উপজেলায় মোট ১৯১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে ১৮৯টি ইউনিয়ন নির্বাচন উপযোগী। তবে বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডীর ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড পুনর্বিন্যাস করে পৃথক ইউনিয়ন গঠনের প্রস্তাব এবং সন্দ্বীপের উড়িরচরের সীমানা নিয়ে আদালতে মামলা থাকায় এই দুটি ইউনিয়নে নির্বাচন আয়োজন নিয়ে জটিলতা রয়েছে।
প্রথম ধাপে সম্ভাব্য ৫৩টি ইউনিয়নের মধ্যে মিরসরাই উপজেলায় ১৬টি, সীতাকুণ্ডে ৯টি, সন্দ্বীপে ১৪টি এবং হাটহাজারীতে ১৪টি ইউনিয়ন রয়েছে।
মিরসরাইয়ের ১৬ ইউনিয়ন
মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নই নির্বাচনের উপযোগী রয়েছে। ইউনিয়নগুলো হলো—করেরহাট, হিংগুলী, জোরারগঞ্জ, ধুম, ওসমানপুর, ইছাখালী, কাটাছড়া, দুর্গাপুর, মিরসরাই, মিঠানালা, মঘাদিয়া, খৈয়াছড়া, মায়ানী, হাইতকান্দি, ওয়াহেদপুর ও সাহেবখালী।
সীতাকুণ্ডের ৯ ইউনিয়ন
সীতাকুণ্ড উপজেলার সবকটি ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি রয়েছে। এগুলো হলো—সৈয়দপুর, বাঁশবাড়ীয়া, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, সোনাইছড়ি, কুমিরা, ভাটিয়ারি ও ছলিমপুর।
সন্দ্বীপের ১৪ ইউনিয়ন
সন্দ্বীপ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে উড়িরচরের সীমানা বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান থাকায় বাকি ১৪টি ইউনিয়ন নির্বাচনের উপযোগী রয়েছে। ইউনিয়নগুলো হলো—বাউরিয়া, গাছুয়া, সন্তোষপুর, আমানউল্যা, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, মুছাপুর, মাইটভাঙ্গা, সারিকাইত, মগধরা, হারামিয়া, দীর্ঘাপাড় ও কালাপানিয়া।
হাটহাজারীর ১৪ ইউনিয়ন
হাটহাজারী উপজেলার ১৪টি ইউনিয়নেই নির্বাচন আয়োজনের উপযোগিতা রয়েছে। এগুলো হলো—ফরহাদাবাদ, ধলই, মির্জাপুর, গুমানমর্দ্দন, নাঙ্গলমোড়া, ছিপাতলী, মেখল, গড়দুয়ারা, উত্তর মাদার্শা, ফতেপুর, চিকনদণ্ডী, দক্ষিণ মাদার্শা, শিকারপুর ও বুড়িশ্চর।
জনপ্রতিনিধি না থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে স্থানীয় সরকার ব্যবস্থায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়। অনেক জনপ্রতিনিধি আত্মগোপনে চলে যান এবং কেউ কেউ গ্রেপ্তার হন। বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এর প্রভাব পড়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রমেও। জনপ্রতিনিধিদের অনুপস্থিতি এবং নিয়মিত কার্যক্রমে বিঘ্ন ঘটায় জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন নাগরিক সেবা পেতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।
পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নতুন করে শুরু হয়। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চট্টগ্রামের চার উপজেলায় ৫৩টি ইউনিয়নে ভোটগ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে নির্বাচন কমিশনের চূড়ান্ত তফসিল ঘোষণার পরই নির্বাচনের তারিখ, ধাপ ও ইউনিয়নভিত্তিক চূড়ান্ত তালিকা নিশ্চিত হওয়া যাবে।