শিল্পকলা একাডেমির নেতৃত্বে মোহাম্মদ আবদুল অদুদ: কবি-সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের জোরালো দাবি

মোঃ আনজার শাহ

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক, জ্যেষ্ঠ সাংবাদিক, কবি ও লেখক মোহাম্মদ আবদুল অদুদকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগের দাবি জানিয়েছেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, বিচারক, রাজনৈতিক নেতা ও মানবাধিকারকর্মীরা। একই সঙ্গে তাঁর দীর্ঘ সাংবাদিকতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, আইনি উদ্যোগ ও জাতীয় অবদানের যথাযথ স্বীকৃতি হিসেবে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁকে মূল্যায়নের আহ্বান জানানো হয়েছে।

তাঁদের মতে, আন্দোলনের সূচনালগ্নে আইনি উদ্যোগ গ্রহণ, জনমত গঠন এবং গণমাধ্যমে ধারাবাহিক লেখনীর মাধ্যমে জাতীয় পর্যায়ে জনসচেতনতা তৈরিতে আবদুল অদুদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অথচ দীর্ঘ কর্মজীবন ও বহুমাত্রিক অবদানের তুলনায় রাষ্ট্রীয় মূল্যায়নে তিনি প্রত্যাশিত স্বীকৃতি পাননি।

জানা গেছে, সম্প্রতি তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইসমাঈল জবিউল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে নিজের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং সংস্কৃতিমন্ত্রীর দপ্তরেও তিনি জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। সংশ্লিষ্টদের কাছে তাঁর যোগ্যতা, অভিজ্ঞতা ও অবদানের ভিত্তিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগের বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ জানুয়ারি সরকারি চাকরিতে প্রচলিত কোটা ব্যবস্থার সংস্কার চেয়ে হাইকোর্টে রিট আবেদনের উদ্যোগ ও সংগঠনে আবদুল অদুদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তখন বিদ্যমান ৫৬ শতাংশ কোটার কারণে মেধাবী প্রার্থীরা বিসিএসসহ সরকারি চাকরির প্রতিযোগিতায় বৈষম্যের শিকার হচ্ছিলেন। এই বাস্তবতা সামনে এনে তিনি আন্দোলনের পক্ষে গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা জানান, প্রতিকূল পরিস্থিতিতেও কোটা সংস্কারের পক্ষে জাতীয় দৈনিকগুলোতে তাঁর শতাধিক প্রতিবেদন ছাপা হয়। এসব প্রতিবেদনে শিক্ষার্থী, আন্দোলনকারী, শিক্ষাবিদ, আইনজীবী ও বিশিষ্টজনের বক্তব্য তুলে ধরে তিনি বিষয়টিকে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে আসতে ভূমিকা রাখেন।

সুপ্রিমকোর্টের আইনজীবী ও হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পরিচালক অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভুঁইয়া বলেন, ৫৬ শতাংশ কোটার কারণে বিসিএসে বঞ্চিত হয়ে সাংবাদিক আবদুল অদুদ রিট করার উদ্যোগ নিলে তাঁরা প্রয়োজনীয় আইনি সহযোগিতা দেন। “সে সময় পরিস্থিতি ছিল অত্যন্ত প্রতিকূল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ও তরুণকে রিটের বাদী হতে অনুরোধ করা হলেও অধিকাংশই রাজি হননি। একমাত্র আনিসুর রহমান মীর তাঁর সঙ্গে যুক্ত হন,” যোগ করেন তিনি।
একলাছ উদ্দিন ভুঁইয়ার ভাষ্য, প্রতিকূল পরিবেশেও আবদুল অদুদ সাহসের সঙ্গে রিটের পক্ষে ও কোটা সংস্কারের দাবিতে অসংখ্য প্রতিবেদন প্রকাশ করেছেন। গণমাধ্যমে এই ধারাবাহিক প্রচারণা আন্দোলনের জনসম্পৃক্ততা বাড়াতে সহায়ক হয়েছিল বলেও তিনি মনে করেন। তিনি আরও জানান, কোটা সংস্কার আন্দোলনের নেতা তারেক রহমানের সাক্ষাৎকারসহ তৎকালীন মন্ত্রী, উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক নেতা ও আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য নিয়ে একাধিক প্রতিবেদন তৈরি করেছেন আবদুল অদুদ। “তাঁর এ অবদানের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া উচিত,” বলেন তিনি।


জুলাই গণঅভ্যুত্থানের সময়ও সাংবাদিকতায় সক্রিয় ছিলেন আবদুল অদুদ। সংশ্লিষ্টদের তথ্যমতে, গণঅভ্যুত্থানের শেষ ছয় দিনে তিনি রেকর্ডসংখ্যক ৮৭টি প্রতিবেদন প্রকাশ করে আলোচনায় আসেন। বর্তমানে তিনি জাতীয় ইংরেজি দৈনিক দ্য নিউ নেশনে অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দীর্ঘদিন দৈনিক ইনকিলাবসহ জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য দিক হলো ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফলসহ তিনটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন এবং দুই দশকেরও বেশি সময় ধরে মূলধারার সাংবাদিকতায় সম্পৃক্ততা। দৈনিক ইনকিলাব, দ্য নিউ নেশন, আমাদের অর্থনীতি, দেশবাংলা ও আমাদের সময়সহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাশাপাশি তিনি একাধিক মূল্যবান গ্রন্থের রচয়িতা।

জানা গেছে, বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিচারক, আইনজীবী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা তাঁকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগের সুপারিশ করেছেন।
তাঁর পক্ষে সুপারিশ ও মূল্যায়নের দাবি জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও বর্তমান সরকারের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান, গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, গণমাধ্যম সচিব আবু হানিফ, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গাজীউল হাসান খান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং বাংলাদেশ ল ফাউন্ডেশনের চেয়ারম্যান বিচারপতি আলী আজগর খান।

এ ছাড়া সমর্থন জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ রফিকুর রহমান পাটোয়ারী, সুপ্রিমকোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভুঁইয়া এবং জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্বাচন কমিশনার হিসেবে তাঁর নাম প্রস্তাব করে নিবন্ধিত প্রায় ২০টি রাজনৈতিক সংগঠন সুপারিশ পাঠিয়েছিল। তবে বয়সসংক্রান্ত যোগ্যতার শর্ত পূরণ না হওয়ায় তখন সে প্রক্রিয়া এগোয়নি।

মোহাম্মদ আবদুল অদুদ জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য। তিনি জাতীয় মানবাধিকার সোসাইটির যুগ্ম মহাসচিব, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের দুইবার নির্বাচিত নির্বাহী সদস্য এবং কুমিল্লা সাংবাদিক ফোরাম অব ঢাকার সাবেক ১ নম্বর সহসভাপতি। পাশাপাশি জাতীয়ভিত্তিক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘অভিব্যক্তি’র সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।
সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও মানবাধিকার বিষয়ে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। সংশ্লিষ্টদের মতে, তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা শিল্পকলা একাডেমির মতো জাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃত্বে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

গত ৭ মার্চ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সংগঠন ‘অভিব্যক্তি’র এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ আবদুল অদুদকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগের জন্য সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়।
সংগঠনটির নেতারা সভায় বলেন, কালচারাল ফ্যাসিবাদ মোকাবিলা ও প্রতিহত করে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা এবং জুলাই গণঅভ্যুত্থানের অর্জনকে বিকশিত করতে সাংস্কৃতিক অঙ্গনে যোগ্য, অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। সাংবাদিক, কবি, লেখক ও সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ আবদুল অদুদ সেই ভূমিকা রাখতে সক্ষম।
সংগঠনের সভাপতি ও জাতীয় প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সদস্য নুরুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রায় অর্ধশত সাংবাদিক, শিল্পী, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের অভিমত, কোটা সংস্কার আন্দোলনের প্রাথমিক পর্যায়ের আইনি উদ্যোগ, গণমাধ্যমে জনমত গঠন, জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় সাংবাদিকতা এবং দীর্ঘদিনের সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমন্বয়ে মোহাম্মদ আবদুল অদুদ নিজের একটি স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন।
তাঁদের দাবি, শুধু শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদেই নয়, যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে রাষ্ট্রদূত, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক, প্রধানমন্ত্রীর প্রেস উইং কিংবা সরকারের অন্য কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ দায়িত্বেও তাঁকে বিবেচনা করা যেতে পারে।

তাঁদের মতে, রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে যোগ্যতা, অভিজ্ঞতা, সততা, পেশাগত দক্ষতা ও জাতীয় অবদানকে প্রাধান্য দেওয়া উচিত। একজন মানুষের দীর্ঘদিনের নিষ্ঠা, সাহসিকতা ও সৃজনশীল অবদানের যথাযথ স্বীকৃতি কেবল ব্যক্তিগত সম্মান নয়, নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস।
এখন সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, আবদুল অদুদের দীর্ঘ কর্মজীবন, অভিজ্ঞতা ও অবদান বিবেচনায় নিয়ে সরকার তাঁকে উপযুক্ত রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *