চট্টগ্রামের লালদিঘিতে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
গণভোটের গণরায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের শেষ কর্মসূচি হিসেবে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাবেশ শুরু হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়।সমাবেশকে ঘিরে দুপুরের পর থেকেই নগরের বিভিন্ন এলাকা থেকে জোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে লালদিঘি ময়দানের দিকে আসতে থাকেন। বিকেলের আগেই সমাবেশস্থল নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। পরে মাঠে জায়গা না পেয়ে আশপাশের বিভিন্ন সড়কেও অবস্থান নেন তারা।সরেজমিনে দেখা যায়, লালদিঘি ময়দানের ভেতরে বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান করছেন। মাঠের বাইরে কোতোয়ালি থানা এলাকা থেকে টেরিবাজার পর্যন্ত সড়কেও নেতাকর্মীদের ভিড় রয়েছে। একইভাবে কেঁচিদিয়া সড়কসহ আশপাশের এলাকাতেও লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক জনসমাগমের সৃষ্টি হয়েছে। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নেতাকর্মীরা ছয় দফা দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন। বিভিন্ন এলাকা থেকে আসা মিছিলগুলো একে একে সমাবেশস্থলে যোগ দিচ্ছে।চট্টগ্রামের ১১ দলীয় জোটের নেতাকর্মীরা জানান, ঢাকার কর্মসূচির পর চট্টগ্রামে এসে লংমার্চের শেষ কর্মসূচি হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশ থেকে জোটের ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানানো হবে। পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণদাবি এবং পরবর্তী কর্মসূচি নিয়েও জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।বিকেল ৫টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হলেও সন্ধ্যার পর জোটের শীর্ষ নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তাদের বক্তব্য ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।এদিকে, বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ায় লালদিঘি ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমাবেশস্থলের প্রবেশপথ ও আশপাশের সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।১১ দলীয় জোটের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনপূর্ব সংস্কার ও গণভোটের গণরায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, চাঁদাবাজি-সন্ত্রাস ও দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *