কামরুল ইসলাম:
চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. মাহবুবের রহমান শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে চট্টগ্রাম সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ। সম্প্রতি জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর এ সৌজন্য সাক্ষাতে সাংবাদিক নেতারা তাকে শুভেচ্ছা জানান এবং চট্টগ্রামের উন্নয়ন, সুশাসন ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক ও সিএসটিভির চেয়ারম্যান সাংবাদিক হান্নান রহিম, জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ ও জাতীয় দৈনিক বাংলাদেশ পত্রিকা-এর চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রধান কামরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. মাহবুবের রহমান শামীম বলেন, জেলা পরিষদকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করাই তার প্রধান লক্ষ্য। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “দুর্নীতির সঙ্গে কোনো আপস নয়।” জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা হবে এবং কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।
এর আগে সোমবার (২০ জুলাই) জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায়ও তিনি একই ধরনের কঠোর বার্তা দেন। সভায় তিনি বলেন, জেলা পরিষদে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনগণের কল্যাণই হবে জেলা পরিষদের প্রতিটি কার্যক্রমের মূল লক্ষ্য।
প্রশাসক কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, অতীতের দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি জবাবদিহিমূলক প্রশাসনিক পরিবেশ গড়ে তুলতে হবে। সরকারি সম্পদ ও বরাদ্দ ব্যবহারে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সীমিত বাজেট একটি বড় চ্যালেঞ্জ। এ কারণে উন্নয়নের স্বার্থে জেলা পরিষদের বরাদ্দ বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট মহলে উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সৌজন্য সাক্ষাতে সাংবাদিক নেতারাও জেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণমাধ্যমের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। তারা বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবামুখী উদ্যোগের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে জেলা পরিষদ ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় আরও জোরদার হলে জনগণ উপকৃত হবে।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনস্বার্থে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের স্বচ্ছ প্রশাসন, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান গড়ার ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে এসব অঙ্গীকার বাস্তবে কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়, সেদিকেই এখন নজর চট্টগ্রামবাসীর।