চলতি বছরের মধ্যেই দেশে ফিরব’—এনডিটিভিকে শেখ হাসিনা

ইসলাম উদ্দিন তালুকদের ::

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে তিনি চলতি বছরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফেরা তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়; বরং বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে এটি সম্পৃক্ত।

সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তার বিরুদ্ধে দেওয়া রায় বিচার নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রক্রিয়ার অংশ। তার ভাষায়, বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা চলছে।

আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি সম্পর্কে তিনি বলেন, দলটি কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়; বরং বাংলার মাটি, মানুষ ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। অতীতেও দলটি বহুবার নিষিদ্ধ ও নির্যাতনের শিকার হলেও প্রতিবারই জনগণের সমর্থনে ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি করেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে শেখ হাসিনা বলেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে অর্থনীতি দুর্বল হয়েছে, উগ্রবাদ বেড়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাও বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন।

সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসীসহ অন্যান্য সম্প্রদায়ের ওপর হামলা অত্যন্ত উদ্বেগজনক। তার মতে, এসব হামলা শুধু নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং বাংলাদেশের স্বাধীনতার চেতনার বিরুদ্ধেও আঘাত।

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দলটির রাজনৈতিক পুনরুত্থান কোনো সরকারের অনুগ্রহের ওপর নির্ভরশীল নয়; বরং জনগণের সমর্থনের ওপর নির্ভর করে। তিনি দাবি করেন, নিষেধাজ্ঞা, মামলা ও দমন-পীড়নের মধ্যেও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সমর্থনে কর্মসূচি অব্যাহত রয়েছে।

সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

ভারতে অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও তার মন পড়ে থাকে বাংলাদেশেই। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির ওপর তিনি নিয়মিত নজর রাখছেন বলেও জানান।

সাক্ষাৎকারের শেষদিকে তিনি বলেন, “আমার শক্তি বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মী এবং বঙ্গবন্ধুর আদর্শ। সেই শক্তি নিয়েই আমি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *