আব্দুর রশিদ:
সাতক্ষীরার তালায় নারী জেলা প্রশাসককে নিয়ে মহান জাতীয় সংসদে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল। রোববার (২৮ জুন) সকালে তালা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা সংসদে নারী জেলা প্রশাসককে নিয়ে করা মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তালা মহিলা কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম শফি।
এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মেহেরুন নেছা মিনি, সারমিন আক্তার (কিয়া), উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, আলহাজ রেজাউল ইসলাম রেজা, জোয়াদ্দার ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর সাঈদ।
বক্তারা বলেন, রাষ্ট্রের দায়িত্বশীল পদে কর্মরত কোনো নারী কর্মকর্তাকে নিয়ে সংসদের মতো সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানে অবমাননাকর মন্তব্য অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। তারা নারী নেতৃত্ব ও নারী কর্মকর্তাদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য পরিহারের দাবি জানান।