স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জামসহ তৌহিদুল আলম আকিব (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় চান্দগাঁও থানা এলাকার মোবাইল-৩১ ডিউটিতে নিয়োজিত পিএসআই প্রসেনজিৎ বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ টহল দেওয়ার সময় কাপ্তাই রাস্তার মাথায় মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তৌহিদুল আলম আকিবকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আকিবের পিতা জাহাঙ্গীর আলম ও মাতা রুবি আক্তার। তাঁর স্থায়ী ঠিকানা চট্টগ্রামের পটিয়া থানার কুলাগাঁও, মাজার গেট এলাকার ৪ নম্বর ওয়ার্ডে। বর্তমানে তিনি হাটহাজারী থানার ১৪ নম্বর শিকারপুর ইউনিয়নের কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনে বসবাস করতেন।
পুলিশ জানায়, মোবাইল-৩১ টিমের পিএসআই প্রসেনজিৎ বড়ুয়া বিষয়টি ওসিকে অবহিত করলে ওসি ইফতেখার নিজে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় থানা এলাকার অভিযান-৩১ ডিউটিতে নিয়োজিত এসআই মো. ফরহাদ মহিম, এসআই মো. ইমাম হোসেন ও এএসআই মো. মমতাজ আলম সঙ্গীয় ফোর্সসহ সেখানে যান। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেপ্তার আকিব তাঁর বর্তমান বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।
পরে তাঁকে সঙ্গে নিয়ে হাটহাজারী থানার কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় তাঁর ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে তাঁর দেখানো ও শনাক্ত করা স্থান থেকে একটি ইয়াবা তৈরির মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার ও মেনথলসহ ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া ইয়াবার আকার নির্ধারণের কাজে ব্যবহৃত একটি স্লাইড ক্যালিপার্সও জব্দ করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক আরও জানান, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় তিনি ইয়াবা তৈরির কৌশল রপ্ত করেন। পরে নারায়ণগঞ্জ থেকে একটি মেশিন কিনে বর্তমান ভাড়া বাসায় স্থাপন করেন। ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলেও তিনি জানিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উদ্ধার করা আলামত
অভিযানে একটি ইয়াবা তৈরির মেশিন, যার আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা; দুই পিস ইয়াবা ট্যাবলেট; ইয়াবা তৈরির উপকরণ কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার ও মেনথল এবং একটি স্লাইড ক্যালিপার্স উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।