চুয়েটে সর্বাত্মক শাটডাউন, ক্লাস-পরীক্ষা বন্ধ

অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিল শেষে শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন।

গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় সোমবার তাকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উপাচার্য পরিবর্তনের কারণ উল্লেখ করা হয়নি।

উপাচার্য পরিবর্তনের এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়েছেন। বিক্ষোভের সময় তারা ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

এদিকে সদ্য সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও। মঙ্গলবার সকালে শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক হুমায়ুন কবির জানিয়েছেন, শিক্ষক সমিতির সাধারণ সভায় অধ্যাপক সায়েমকে আবার দায়িত্বে বহালের দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *