এ আর সুমন:
চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে থানায় নিয়ে এক দিনমজুরকে মারধর এবং বুকে পা দিয়ে চাপ প্রয়োগ করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে অষ্টগ্রাম থানা পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। ভুক্তভোগী আনু মিয়ার অভিযোগ, এসআই মোজাম্মেলসহ পুলিশের আরও দুই সদস্য থানার ভেতরে তাঁকে শারীরিক নির্যাতন করেছেন। বর্তমানে অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অসুস্থতায় বিপাকে পড়েছে তাঁর পরিবার।
আনু মিয়া অষ্টগ্রাম উপজেলার কতুব মসজিদপাড়া এলাকার সাজু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে অষ্টগ্রাম বড়বাজার এলাকার একটি ইলেকট্রনিকস ও মোবাইলের দোকান এবং একটি কসমেটিকসের দোকানে চুরির ঘটনা ঘটে। দুটি দোকান থেকে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে জানা গেছে। ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে আনু মিয়াকে আটক করা হয়।
আনু মিয়ার অভিযোগ, অষ্টগ্রাম থানার এসআই মোজাম্মেল তাঁকে আটক করে থানায় নিয়ে যান। পরে থানার ভেতরে ওই কর্মকর্তা এবং পুলিশের আরও দুই সদস্য তাঁকে লাঠি দিয়ে মারধর করেন। একপর্যায়ে তাঁর বুকে পা দিয়ে চাপ প্রয়োগ করে চুরির সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়।
তবে আনু মিয়া দাবি করেন, ওই চুরির ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। কেবল সন্দেহের ভিত্তিতে তাঁকে থানায় নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে চুরির ঘটনায় কোনো মামলা হয়েছে কি না এবং নির্যাতনের অভিযোগের পক্ষে চিকিৎসাসংক্রান্ত কোনো নথিপত্র আছে কি না, জানতে চাইলে আনু মিয়া বলেন, ‘আমি মূর্খ ও গ্রামের সহজ-সরল দিনমজুর মানুষ। এসব আইনি বিষয় সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। এ বিষয়ে আমার কাছে কোনো কাগজপত্রও নেই।’
আনু মিয়ার বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে আনু। চুরির সন্দেহে তাকে থানায় নিয়ে নির্যাতন করা হয়েছে। এখন আমার ছেলে বিছানায় পড়ে আছে। আমি বৃদ্ধ মানুষ, কাজ করতে পারি না। সংসার চালানোর মতো অবস্থাও নেই। আমি সরকারের কাছে আমার ছেলের ওপর নির্যাতনের বিচার চাই।’
আনু মিয়ার স্ত্রীও তাঁর স্বামীর ওপর নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে অষ্টগ্রাম বাজার কমিটির সাধারণ সম্পাদক ইয়ামিন বলেন, তাঁর জানামতে, আনু মিয়াকে কোনো শারীরিক নির্যাতন করা হয়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হলে আনু মিয়াকে পরবর্তী সময়ে ছেড়ে দেওয়া হলো কেন, আর তাঁর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগের সত্যতা কতটুকু—এসব বিষয় জানতে চান স্থানীয়রা।
কেউ কেউ তাঁকে ছেড়ে দেওয়ার পেছনে বিশেষ কোনো কারণ ছিল কি না, কিংবা জিজ্ঞাসাবাদের নামে তাঁর ওপর চাপ প্রয়োগ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। এ ঘটনার পেছনে কোনো আর্থিক লেনদেন বা অন্য কোনো কারণ ছিল কি না, সেটিও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন তাঁরা। তবে এসব বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সচেতন মহলের মতে, অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনা পুলিশের দায়িত্ব। তবে কোনো ব্যক্তি অপরাধে জড়িত কি না, তা নির্ধারণের জন্য আইনগত তদন্ত ও বিচারিক প্রক্রিয়া রয়েছে। অপরাধের সন্দেহ থাকলেও কাউকে শারীরিক নির্যাতন বা জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করার অভিযোগ অত্যন্ত গুরুতর। তাই এ অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।
এলাকাবাসীর দাবি, বড়বাজারের চুরির প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে আনু মিয়ার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ থাকলে তাঁর আইনগত অবস্থান স্পষ্ট করতে হবে। তিনি নির্দোষ হলে যেন তাঁকে চোরের অপবাদ বহন করতে না হয়, সেটিও নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয়দের আরও দাবি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করুন। তদন্তে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে নির্যাতন বা ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে যথাযথ আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ভুক্তভোগীর চিকিৎসা, পরিবারের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
সব মিলিয়ে অষ্টগ্রামের বড়বাজারে চুরির ঘটনা এবং ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক আনু মিয়ার ওপর নির্যাতনের অভিযোগ—দুটি বিষয়ই এখন আলোচনায়। চুরির প্রকৃত অপরাধী কারা এবং নির্যাতনের অভিযোগের সত্যতা কতটুকু, তা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ জরুরি।