স্টাফ রিপোর্টার:
ঝালকাঠিতে যৌতুকের দাবিতে নির্যাতন ও তালাকের হুমকি দেওয়ার অভিযোগে আলামিন হাওলাদার নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করেছেন তাঁর স্ত্রী রোজিনা বেগম। গত ১৭ নভেম্বর ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার নম্বর সিআর ৭২১/২৬।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আলামিন হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার চানপুরা গ্রামের বাসিন্দা। অন্যদিকে বাদী রোজিনা বেগম ঝালকাঠি পৌরসভার বিশ্বরোড এলাকার বাসিন্দা শাহে আলম হাওলাদারের মেয়ে।
মামলার এজাহার ও বাদীপক্ষের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে আলামিন ও রোজিনার বিয়ে হয়। তাঁদের দাম্পত্য জীবনে একটি কন্যাসন্তান রয়েছে। অভিযোগ অনুযায়ী, বিয়ের পর আলামিন রোজিনার পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা যৌতুক নেন। পরবর্তী সময়ে গত ১৪ নভেম্বর রোজিনার বাবার বাড়ির সামনে গিয়ে তিনি আরও ছয় লাখ টাকা যৌতুক দাবি করেন।
বাদীপক্ষের অভিযোগ, দাবিকৃত টাকা না দিলে সংসার করবেন না এবং স্ত্রীকে তালাক দেবেন বলে হুমকি দেন আলামিন। একপর্যায়ে ঘটনাস্থলেই মৌখিকভাবে তিন তালাক দেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
রোজিনা বেগমের বাবা শাহে আলম বলেন, তাঁর জামাতা আগে পাঁচ লাখ টাকা নিয়েছেন। এখন আবার ছয় লাখ টাকা দাবি করছেন। এ বিষয়ে মামলা বা কোনো পদক্ষেপ নিলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিছুই করতে পারবেন না বলেও তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আলামিন হাওলাদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
মামলাটির বিষয়ে আদালতের পরবর্তী কার্যক্রম এবং অভিযোগের সত্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।