মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের আলহাজ্ব বদিউল চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হওয়া সিলিং ফ্যানের পরিবর্তে নতুন ফ্যান উপহার দিয়েছেন ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান। পাশাপাশি বিদ্যালয়ের কর্দমাক্ত খেলার মাঠ সংস্কারের উদ্যোগও নিয়েছেন তিনি।
সম্প্রতি বিদ্যালয়টিতে দুর্বৃত্তরা কয়েকটি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়। এতে শ্রেণিকক্ষে তীব্র গরমে পাঠদান ব্যাহত হতে থাকে। শিক্ষক ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন। বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীদের কষ্ট লাঘবে নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের জন্য নতুন সিলিং ফ্যান ক্রয় করে দেন মাসুকুল আলম সোহান।
ফ্যান হস্তান্তরের সময় তিনি বলেন, একটি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুন্দর রাখা আমাদের সবার দায়িত্ব। শিক্ষার্থীরা যাতে স্বাভাবিক পরিবেশে লেখাপড়া করতে পারে, সেই চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের কর্দমাক্ত খেলার মাঠও সংস্কার করা হবে, যাতে শিশুরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফ্যান চুরির পর থেকে শ্রেণিকক্ষে গরমে শিক্ষক-শিক্ষার্থীরা চরম দুর্ভোগে ছিলেন। এমন সময়ে ব্যক্তিগত উদ্যোগে নতুন ফ্যান প্রদান করায় শিক্ষার্থীরা আবারও স্বস্তির পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে। খেলার মাঠ সংস্কারের উদ্যোগও বিদ্যালয়ের জন্য অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।
ফ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম চৌধুরী নসু, ইউনিয়ন বিএনপির সদস্য শিপন চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি টুটুল, সাংবাদিক আবু সফিয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও এলাকাবাসী।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আরও এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও মাসুকুল আলম সোহানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।