নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের ই-পাসপোর্টে আবারও ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। রোববার এ বিষয়ে সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে নতুন নকশার ই-পাসপোর্টে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিম আকরামের ছবি জলছাপে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকার জানিয়েছে, এখন থেকে নতুনভাবে ইস্যু হওয়া পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ লেখা থাকবে। পাশাপাশি ই-পাসপোর্টের জলছাপে আনা হয়েছে বড় ধরনের পরিবর্তন। নতুন সংস্করণে সব ধর্মের প্রতীকও যুক্ত করা হয়েছে।
অন্যদিকে, আগের সংস্করণে থাকা কয়েকটি স্থাপনা ও প্রকল্পের ছবি—যেমন বঙ্গবন্ধু সমাধিসৌধ, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ আরও বেশ কয়েকটি ছবি বাদ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন নকশার পাসপোর্ট ধাপে ধাপে চালু হবে। বর্তমানে যাদের পাসপোর্ট রয়েছে, তাদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন বা জটিলতা নেই। মেয়াদ শেষ হলে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট দেওয়া হবে।
সরকারের ভাষ্য, দেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।