চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত হোয়াইট হাউসে প্রবেশাধিকার চান সিএনএনসহ তিন গণমাধ্যম

অনলাইন ডেস্ক:

হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞার বিরুদ্ধে দায়ের করা মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত সংবাদ সংগ্রহের সুযোগ বহাল রাখার আবেদন করেছে তিন মার্কিন সংবাদমাধ্যম—সিএনএন, এমএস নাও ও পলিটিকো।

সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে দেওয়া আবেদনে সংবাদমাধ্যম তিনটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞা স্থগিত রাখতে প্রাথমিক আদেশ জারির অনুরোধ করেছে।

এর আগে মামলাটির বিচারক মার্কিন ডিস্ট্রিক্ট জজ টিমোথি কেলি ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার ওপর ১৪ দিনের সাময়িক স্থগিতাদেশ দিয়েছিলেন। আগামী ৮ অক্টোবর ওই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। বিচারকের মতে, হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞার কারণে সংবাদমাধ্যমগুলোর আইনগত অধিকার ক্ষুণ্ন হয়ে থাকতে পারে।

তবে স্থগিতাদেশের মধ্যেও নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর রয়েছে বলে অভিযোগ করেছে সংবাদমাধ্যমগুলো। গত শুক্রবার সিএনএন জানায়, আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও ট্রাম্পের টেনেসি সফরের সময় তাদের একজন প্রতিবেদককে এয়ার ফোর্স ওয়ানে ওঠার অনুমতি দেওয়া হয়নি।

আদালতে করা নতুন আবেদনে ঘটনাটির উল্লেখ করে সিএনএন, এমএস নাও ও পলিটিকো বলেছে, স্থগিতাদেশ কার্যকরের ক্ষেত্রে হোয়াইট হাউস এখনো ‘অনিশ্চিত ও অসংগতিপূর্ণ’ আচরণ করছে।

এর আগে ১৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই তিন সংবাদমাধ্যমের ওপর হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। এসব সংবাদমাধ্যমের নেতিবাচক প্রতিবেদনে তিনি বিরক্ত বলে জানিয়েছিলেন।

পরদিন সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ করতে দেওয়া হয়নি। এর প্রতিবাদে ২১ সেপ্টেম্বর সংবাদমাধ্যম তিনটি আদালতের দ্বারস্থ হয়।

সিএনএনের তথ্য অনুযায়ী, সর্বশেষ আবেদনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের জবাব দেওয়ার জন্য আগামী শুক্রবার পর্যন্ত সময় দিয়েছেন আদালত।

চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত হোয়াইট হাউসে সংবাদ সংগ্রহের প্রবেশাধিকার বহাল রাখাই এখন সংবাদমাধ্যম তিনটির মূল আবেদন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *